মাদারীপুরে দু'গ্রুপের সংঘর্ষে আহত ৩৮

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার রাতে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে অন্তত ১৮ জন। এছাড়াও পুলিশের ৫ কর্মকর্তাসহ আহত হয়েছে আরো ১৫ জন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।আহতদের মধ্যে গুরুতর ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
 
পুলিশ-প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদারের সাথে মুনজুর সাথে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল রাত ১১টার দিকে আজকের (শনিবার) যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষ মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় গুলিতে কলেজ ছাত্রী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছে আবির, মাসুম বিল্লাহ, সাইফুল, মিথি বাইন, রাজু, ফারজাহান আক্তার, মনি আক্তার, হাসান মাতুব্বর, আন্তরা আক্তার, রবিন মৃধা।
 
এছাড়াও এসআই হাসানুজ্জামান, এসআই শ্যামলেন্দু, এএসআই আসগর আলীসহ ৫ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরানুর রহমান সনেট জানান, গুলিবিদ্ধসহ আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
 
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
ইত্তেফাক/এসএস