যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘অভিবাসী ভিসা পদ্ধতি সহজীকরণ’ বিয়ষক সেমিনার হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট উপস্থিত ছিলেন।
IMG0
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কনস্যুলার শামসুল আলম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কন্সাল জেনারেল শ্যারন অ্যান ওয়েভার রিভেরা। রিভেরা তার বক্তব্যে অভিবাসী ভিসা পাওয়ার ক্ষেত্রে স্পন্সরশীপ, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ডাক্তারি পরীক্ষা, ছবি, ভিসা ফি ইত্যাদি বিষয়ে নানা তথ্য স্লাইডের মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
IMG1
এসময় রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এ ধরনের একটি সেমিনার আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন প্রবাসীদেরকে বাংলাদেশের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
ইত্তেফাক/সেতু