স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশকে বদলে দেবেন। দারিদ্র্যমুক্ত দেশ গড়বেন। এ লক্ষ্যে তিনি সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন।
শনিবার দুলারহাট থানার আনুষ্ঠানিক কার্যক্রম ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নীলিমা জ্যাকব কলেজের একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিকেল সাড়ে ৩টায় দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন এবং জনগনের নিরাপত্তায় কাজ করছে। এজন্য এখানে জনসাধারনের নিরাপত্তার স্বার্থে এ থানা প্রতিষ্ঠা করা হলো।
ভোলা জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু