নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মণ্ডলকে ফের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছেন।
এতে উল্লেখ করা হয়, মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের প্রদত্ত আদেশে নন্দীগ্রাম থানা, বগুড়া সদর ও শাজাহাপুর থানায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত- এর ধারা ১৩খ(১) অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, এরপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের আমির নূরুল ইসলাম মণ্ডল একবার বরখাস্ত ও ৪বার জেল হাজতে ছিলেন।
ইত্তেফাক/আরকেজি