রাজশাহীর তানোরে ইসরাফিল হোসেন (২৭) নামের এক মাদকসেবী ছেলেকে পুলিশে সোপর্দ করেছে তার পিতা ইয়াজ উদ্দীন। ভ্রাম্যমাণ আদালত ইসরাফিলকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে। আজ রবিবার (০৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ইসরাফিল হোসেন প্রায়ই গাঁজা, মদ সেবন করে চিৎকার চেঁচামেচি এবং তার পরিবারের লোকজনের সাথে খারাপ আচরণ করত। অনেক নিষেধ করেও তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে ব্যর্থ হয় তার পরিবার।
শেষমেষ তার পিতা ইয়াজ উদ্দীনসহ পরিবারের লোকজন তাকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করেন। পরে মাদকসেবী ইসরাফিল হোসেনকে ভ্রাম্যমান আদালতে নিলে সেখানে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৯৯০ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এ সময় তানোর থানার এসআই নাজমুল হক মৃধা, এএসআই শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু