রংপুরের বদরগঞ্জে স্বামীর ওজন মাপক যন্ত্র বাটখারার আঘাতে স্ত্রী আরফিনা (২০) নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরফিনার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চার বছর পূর্বে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউপির দফাদার পাড়ার আমির আলির মেয়ে আরফিনার সাথে একই ইউপি'র আরজি দিলালপুর উত্তরপাড়া গ্রামের আ. সালেমের ছেলে শরিফুল ইসলামের বিয়ে হয়। স্বামী স্ত্রী দুজনেই ঢাকার এক গার্মেন্টসে চাকরি করতো। দাওয়াতের সুবাদে ঘটনার দিন রবিবার নানা শ্বশুর কাশেম ব্যাপারীর বাড়ি পলিপাড়াতে বেড়াতে আসে। দাওয়াত শেষে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শরিফুল ওজন মাপক যন্ত্র (২ কেজির বাটখারা) দিয়ে আরফিনার মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ সোমবার দুপুরে আরফিনা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. হাই রুবেল জানান, মাথায় গুরুতর আঘাত নিয়ে আরফিনা এসেছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস