জামালপুরে ভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

জামালপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসির ব্যবসা শিক্ষা বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষা ভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপাকে পড়েছে ২৯২জন শিক্ষার্থী।
 
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত সোমবার পরীক্ষার ব্যবসায় শিক্ষা বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নের কোড ছিল-১৮৬  ‘ওলকপি’। জেলার সকল কেন্দ্রে ওলকপি প্রশ্নে পরীক্ষা নেয়া হলেও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে ২৩৭ নম্বর কোডের ‘লাউ’ সেটের প্রশ্ন দিয়ে। এ খবর প্রকাশ হলে কেন্দ্র থেকে বের হবার পর পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
 
কলেজের অধ্যক্ষ একেএম তফিকুল ইসলাম জানান, এ ভুলটি হঠাৎ করেই হয়েছে। তাই সমাধানের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং মোট ২৯২ পরীক্ষার্থীর খাতা এই প্রশ্ন দিয়েই মূল্যায়ন করা হবে।
 
সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেছেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ঢাকা বোর্ডসহ সারা দেশেই এমসিকিইউ-১ সেট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়ার কথা। আমরাও বোর্ডের নির্দেশনা অনুযায়ী এমসিকিইউ-১ সেট দিয়েই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা নিয়েছি।
 
আমার কলেজের অনেক পরীক্ষার্থী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ওই কেন্দ্রে বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে কিংবা মেসেজটি বুঝতে না পেরে হয়ত এমসিকিইউ-২ সেট দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর পরই আমি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ করেছি যাতে আমাদের পরীক্ষার্থীদের কোন ক্ষতি না হয়। তিনি বলেছেন বিষয়টি বোর্ড বিবেচনা করবে।
 
ইত্তেফাক/আরকেজি