ফুলবাড়িতে এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে সাত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- এইচএসসি পরীক্ষার্থী আরিফুল হক (২৬), রাসেল রানা (১৭), রেজাউল ইসলাম (১৭), শাহাদুল হাসান (১৭), মঞ্জুরুল হাসান (১৭), সুজন আহম্মেদ (১৭) ও হুমায়ুন কবির (১৭)। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিসের অফিস সহকারী মামুনুর রশিদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি হারেসুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সহকারী মামুনুর রশিদ সোমবার সকাল ৯টায় দাফতরিক কাজে রেলস্টেশন চত্বর এলাকায় যাওয়ার পথে আলহেরা গার্মেন্টেস নামের দোকানের সামনে একদল পরীক্ষার্থীর ভিড় দেখতে পান। তারা মোবাইল ফোনের মেসেঞ্জারে কী যেন দেখাদেখি করছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মামুনুর রশিদ ঘটনাস্থলে গেলে আরিফুল হক (২৬) ও রাসেল রানা (১৭) নামের দুই তরুণ মোবাইল ফোন ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অন্যদের নাম প্রকাশ করলে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে অপর ছয়জনকে পরীক্ষা শেষে চিরিরবন্দর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি