আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দাবি আদায়ের নামে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোন যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন হতে পারে, তাবে তা সহিংস হওয়া সমর্থন যোগ্য নয়। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, দাবি আদায়ের নামে নিরীহ ছাত্রদের লেলিয়ে দেওয়া হয়েছে। কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেরা আন্দোলন করতে না পেরে তারা ছাত্রদের লেলিয়ে দিচ্ছে। কোটা সংস্কার সরকারের কাজ। কিন্তু এই দাবিতে ভিসির বাড়িতে হামলা অন্য অর্থ বহন করে। কোটা সংস্কারের আন্দোলন নামে কোনো ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, যে কোনও দাবি নিয়ে আন্দোলন করা যেতে পারে। তবে কোনো সহিংসতা সমর্থনযোগ্য নয়। আন্দোলনের নামে মহাসড়ক বন্ধ করা হচ্ছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এর নিন্দা জানাই। আন্দোলনের নামে নৈরাজ্য সহ্য করা হবে না।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা যে কোনো গণতান্ত্রিক ও যুক্তি সংহত আন্দোলনকে সমর্থন করি, কিন্তু গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দিতে এ ধরনের সহিংসতাকে পছন্দ করি না। তিনি বলেন, মুখোশ পরে কোনো আন্দোলন হয় না। মুখোশ পরে কেউ যদি আন্দোলন করে, তাদের ইন্ধন দাতাদের খুঁজে বের করতে হবে।
বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক অসীত বরণ রায়, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, ন্যাপের নেতা ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/নূহু