জামালপুরের মাদারগঞ্জে মাটির নিচ থেকে প্রাচীন আমলের একটি নৌকা উদ্ধার করেছে এলাকাবাসী। নৌকাটি শতাধিক বছরের পুরাতন বলে কেউ কেউ অনুমান করছে। নৌকাটি দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে শত শত লোক সেখানে ভিড় করছে।
জানা গেছে, উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের মৃত আলী আকন্দের ছেলে মান্নান অকন্দ তার একটি জমি থেকে কয়েকদিন ধরে ড্রেজার দিয়ে মাটি তুলছেন। সোমবার ওই স্থানে ৯-১০ ফুট গভীর গর্ত হলে প্রথমে একটি নৌকার অংশবিশেষ (গুলই) দেখা যায়। মঙ্গলবার সেখান থেকে প্রায় অক্ষত একটি নৌকা উদ্ধার করে এলাকাবাসী। নৌকাটি ডিঙ্গি অথবা বাইচ নৌকার মতো।
জমির মালিক আব্দুল মান্নান জানান, তার বয়স আনুমানিক ৯৫ বছর। মোসলেমাবাদ গ্রামের দক্ষিণ পাশে তাদের বাড়ি ছিল। ৬০ বছর আগে তিনি গ্রামের উত্তর পাশে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন। যেখান থেকে নৌকাটি উদ্ধার করা হয়েছে সেখানে নদী ছিল। পরে চর পড়ে সেখানে আবাদী জমিতে পরিণত হয়েছে। সম্ভবত সে সময় নৌকাটি মাটি চাপা পড়েছে।
আব্দুল মান্নানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন সামিউল ইসলাম বলেন, উদ্ধারের সময় নৌকাটি পুরোপুরি অক্ষত রয়েছে। কিন্তু শিশুরা নৌকাটিতে উঠে লাফালাফি করার সময় নৌকর তলা ছিদ্র হয়ে গেছে।
ইত্তেফাক/ইউবি