গোপালগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

গোপালগঞ্জে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা বৈঠক থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, জেলা বাস মালিক- শ্রমিক ঐক্য পরিষদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাসু শেখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
 
গত রবিবার ঢাকা খুলনা-মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে একটি বাস উল্টে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ দুজন নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসে আগুন দেয়। এছাড়া বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক- শ্রমিক ঐক্য পরিষদ সোমবার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে।
 
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ মামলা করেছে। এ ছাড়া সমাঝোতা বৈঠকে প্রশাসন ও পুলিশ আমাদের সব দাবি মেনে নিয়েছে। তারা দ্রুত এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
 
ইত্তেফাক/ইউবি