আজ থেকে শুরু হলো ষষ্ঠ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বিসিবি নর্থ জোন। ব্যাটিং-এ নেমে ওপেনার সাদমান ইসলামের ১০৭ রানের কল্যাণে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৪৯ রান করে ওয়ালটন সেন্ট্রাল জোন।
প্রথমে ব্যাটিং করার সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। দুই ওপেনারের কাছ থেকে উড়ন্ত সূচনা পায় তারা। উদ্বোধনী জুটিতে ২০০ রান যোগ করেন দুই ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম। নাভার্স নাইন্টিতে বিদায় নেন সাইফ। ১২টি চার ও ১টি ছক্কায় ২৪৩ বলে ৯৪ রান করে থামেন তিনি। সাইফ ব্যর্থ হলে ঠিকই সেঞ্চুরি তুলে নেন সাদমান। ৯টি চারের সহায়তায় ২৩৯ বলে ১০৭ রান করে ফিরেন সাদমান।
দুই ওপেনার বড় স্কোর গড়লেও, শুন্য হাতে ফিরেছেন তিন নম্বরে ব্যাট হাতে নামা রকিবুল হাসান। তবে দিনের শেষ ভাগটা আর কোন বিপদ হতে দেননি মার্শাল আইয়ুব ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মার্শাল ২০ ও মাহমুদুল্লাহ ২১ রানে অপরাজিত আছেন। বিসিবি নর্থ জোনের শরিফুল ইসলাম ২টি উইকেট নেন।
ইত্তেফাক/কেআই