কোটা সংস্কারের দাবিতে উত্তাল কুমিল্লা

কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা নগরী। আজ বুধবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
 
আন্দোলনকারীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায়। সমাবেশস্থলে শিক্ষার্থীরা একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই, এই মুহূর্তে দরকার কোটা প্রথার সংস্কার- এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর ও আশপাশের এলাকা।
 
জানা যায়, আজ সকাল ১০টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্দিরপাড়ে সমবেত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করে। দুপুর ১২টার দিকে জেলা, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের সাথে সমঝোতা করতে সেখানে উপস্থিত হলেও কোন সুরাহা হয়নি। কুবি'র শিক্ষার্থীদের সাথে যোগ দেয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজের অনেক শিক্ষার্থী। আন্দোলনের বিষয়ে জাহিদ, মীর হোসেন, আখি, আজমলসহ শিক্ষার্থীরা জানান, আমাদেরকে একজন মন্ত্রী রাজাকারের সন্তান বলেছেন, এ জন্য মন্ত্রীকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ছাড়াও কোটা সংস্কারের বিষয়ে সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দুপুর সাড়ে ১২টার দিকে কান্দিরপাড় টাউন হলের মুক্ত মঞ্চে আন্দোলনকারীদের সাথে একটি প্রতিনিধি দল বৈঠক করে।
 
সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল সমাবেশস্থলে ফিরে জানান, আমরা শান্তিপূর্ণভাবে অহিংস আন্দোলন করবো বলে প্রশাসনকে আশ্বাস দিয়েছি। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা নগরীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রাখে।
 
ইত্তেফাক/এসএস