গোপালগঞ্জে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রমজান মীনাকে (২০) র্যাব আটক করেছে। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যা গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ছোট গোপীনাথপুর গ্রাম থেকে মোবাইল ট্যাকিং করে তাকে আটক করে। তার কাছ থেকে র্যাব একটি মোবাইল ফোন, ২ টি সিমকার্ড জব্দ করে। আটককৃত রমজান মীনা ওই গ্রামের কাশেম মীনার ছেলে।
র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এডি মো. হাছান আলী জানান, রমজান তার মোবাইল মেসেঞ্জারে একটি গ্রুপ তৈরি করে। এ গ্রুপকে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। তার মোবাইলে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে। সে প্রতারণা করে এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসৎ উপায়ে সরবরাহ করার জন্য অনলাইন ভিত্তিক একাধিক গ্রুপ চালু করে বলে র্যাবকে জানিয়েছে। ইতোমধ্যে সে এইচএসসি পরীক্ষার অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারণামূলক কার্যক্রম চালিয়েছে বলেও স্বীকার করেছে। আটক রমজানকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/এমআই