পরিবারে ফিরে যেতে চায় মেয়ে শিশুটি

সখীপুরে ফারজানা আক্তার সুমাইয়া নামের নয় বছরের একটি মেয়ে শিশু পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রাম থেকে শিশু মেয়েটিকে পাওয়া যায়।
 
জানা যায়, ওই গ্রামের চৌকিদার ফারুক হোসেন তার বাড়ির পাশে মেয়েটিকে কান্না-কাটি করতে দেখে তিনি এগিয়ে যান। পরে তিনি সখীপুর থানায় মেয়েটিকে সোপর্দ করেন। থানার ডিউটি অফিসার বলেন, শিশু মেয়েটি পুলিশের জিজ্ঞাসাবাদে তার নাম ফারজানা আক্তার সুমাইয়া, পিতার নাম জাহিদুল ইসলাম, মাতার নাম নাবিজা ওরফে ময়না এবং গ্রামের নাম আদাইসা মছিমপুর বলতে পারে। এছাড়া বাড়ির ঠিকানা আরও জিজ্ঞাসাবাদে তার নানা মছরব আলী বাড়ি বিক্রমপুর, দাদার নাম নবাব আলী, বড়ভাই নয়ন ও ছোট বোন জান্নাতুল বলে জানিয়েছে। জেলা বা উপজেলার নাম বলতে পারেনি।
 
থানার অফিসার্স ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া বলেন, মেয়েটি পুলিশ হেফাজতে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে শিশুটির প্রকৃত স্বজনদের খোঁজ করা হচ্ছে। শিশুর জবানবন্দির বরাত দিয়ে তিনি জানান, মেয়েটির বাবা মাটি কাটা শ্রমিকের কাজ করেন। মঙ্গলবার সকালে পায়ে হেঁটে মেয়েটি তার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে পথ ভুলে যায়। শিশুটির প্রকৃত অভিভাবকদের সখীপুর থানার ডিউটি অফিসারের ০১৭৬৯৬৯০৮৫ ও ০১৭২৪৮৯৭১৫৪ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
এ প্রসঙ্গে বুধবার সন্ধ্যায় সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদের কাছে জানতে চাইলে বলেন, তিনিও মেয়েটির সঙ্গে কথাবার্তা বলে তার ঠিকানা খোঁজার চেষ্টা করছেন। পরিচয় পাওয়া গেলে তার অভিভাবকদের কাছে মেয়েটিকে দেয়া হবে। অন্যথায় পরিচয় পাওয়া না গেলে সমাজসেবার পক্ষ থেকে টাঙ্গাইল জেলার সরকারি শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/আরকেজি