নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাবারের দোকানে ঢুকে পড়লে এক নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় আজমেরী বাজারের আল-আমিন হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের দোসর আলীর ছেলে শাহ মোহাম্মদ (৬০) ও কায়েমকোলা গ্রামের আমীর উদ্দিনের স্ত্রী হাসিনা বানু (৫৫)।
আহত শাহীন আলমকে (৪০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ওই হোটেলের শ্রমিক বলে পুলিশ জানিয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামস উন নুর জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হোটেল থেকে বের করে আনার কাজ শুরু করে। সকাল ৯ টায় ট্রাকটি বের করে নিয়ে আসা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটির চালক ও সহকারী পালিয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে