ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরে নিজেদের মাঠে আর কোন ম্যাচ খেলতে পারবে না চেন্নাই সুপার কিংস। নিরাপত্তা শঙ্কার কারণে আইপিএলে নিজেদের মাঠের বাকি ম্যাচগুলো পুনেতে খেলতে হবে চেন্নাইকে।
চেন্নাইয়ে মাঠে সর্বশেষ ম্যাচে গ্যালারি থেকে জুতা নিক্ষেপ করে দর্শকরা। এরপর চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে সাপ ছেড়ে দেয়ার হুমকি দিয়ে রেখেছে একটি তামিল গ্রুপ। প্রচণ্ড পানি সমস্যায় থাকা তামিলনাড়ুর প্রাদেশিক রাজধানী চেন্নাই কর্তৃপক্ষ জানিয়েছেন সুপার কিংসের ম্যাচগুলো তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।
ম্যাচ ফিক্সিং-এর কারণে দু’বছরের নির্বাসন কাটিয়ে এবারের আসরে ফিরে চেন্নাই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারতে হারতে ১ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলতে নামে চেন্নাই। এখানেও দুর্দান্ত জয়ের স্বাদ নেয় তারা। কিন্তু ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ছুঁড়ে মারা হয় জোড়া জুতা। এ কারণে কিছুক্ষণ বন্ধ থাকার পর শুরু হয় ম্যাচটি এবং শেষও হয়। অবশ্য জুতা নিক্ষেপের দায়ে সন্দেহভাজন দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয় ও পুলিশে সোপর্দ করা হয় মাঠের নিরাপত্তাকর্মীরা।
তবে পরবর্তীতে আরও বড় হুমকিও আসে। তামিলনাড়ুর একটি সংগঠন হুমকি দেয়, ‘চিদাম্বরামে স্টেডিয়ামে আইপিএলের খেলা হলে সাপ ছেড়ে দেওয়া হবে। এমন হুমকির পরও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ বা আশ্বাস দেয়া হয়নি।
তবে আইপিএলের লিগ কমিটি থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘আইপিএল গর্ভনিং কাউন্সিল চেন্নাইয়ের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেছে এবং চিদাম্বরামের সকল ম্যাচ সরিয়ে পুনেতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুনেতে খেলতে কোন আপত্তি নেই চেন্নাই দলের।’
ফলে ১২০০ কিলোমিটার দূরে পুনেতে গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলতে হবে চেন্নাই সুপার কিংসকে।
ইত্তেফাক/কেআই