ভাঙ্গায় বখাটের ইটের আঘাতে আহত যুবক রাজিব খান (২০) মারা গেছে। টানা ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।
রাজিব উপজেলার গঙ্গাধরদী গ্রামের আচমত খানের ছেলে। এব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা আচমত খান।
জানা গেছে, রাজিবের বোন শরীফাবাদ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। ঘারুয়া গ্রামের বাবলু মাতুব্বরের বখাটে ছেলে রাসেল মাতুব্বর তার বোনকে শুক্রবার উত্ত্যক্ত করে। তখন এলাকাবাসীর সহায়তা নিয়ে রাজিব পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করে থানা হাজতে নিয়ে আসে। এরপর স্থানীয়দের জিম্মায় শনিবার তাকে ছেড়ে দেয়া হয়।
রবিবার বিকালে রাজিব ভাঙ্গা হতে বাড়ি যাওয়ার সময় ঘারুয়া বাজারের পাশে গোপনে ওত পেতে থাকা রাসেল ইট দিয়ে তাকে আঘাত করে। এতে সে গুরুত্বর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাজিব মারা যায়।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানায়, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ঘটনার পর হতেই রাসেল ও পরিবারের লোকজন পালিয়ে আছে। পুলিশ তাদের দ্রুত সময়ে আটক করতে মাঠে কাজ করে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি