ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে সাথি খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সে উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে এবং ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যমুনা নদীর বরইতলী ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সাথি খাতুন তার সহপাঠীদের সাথে যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে যায়। নদীর ওই ঘাট এলাকায় গভীর পানি ও প্রবল স্রোত। গোসলের সময় অসাবধানতাবশত পানিতে ডুবে নিখোঁজ হয় সাথি। এ সময় একই সাথে গোসলে নামা সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরিবারের পক্ষ থেকে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ সিদ্দীকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা করেছি। মূলত ডুবুরি দল না থাকায় নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালাতে হবে। এজন্য একটু সময় লাগবে বলে জানান তিনি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।
ইত্তেফাক/আরকেজি