অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না গৌরনদীর আয়শা বেগমের

টাকার অভাবে বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের গৃহবধূ আয়শা বেগমের (৩০) চিকিৎসা চলছে না। ৩ সন্তানের জননী আয়েশা কিডনি সমস্যা এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন। দিনে দিনে তার পেটে পানি জমে পেট ভারি হচ্ছে।

বর্তমানে আয়শা বেগমের শারীরিক অবস্থা এমন খারাপ যে তিনি হাঁটতেও পারেন না। এ অবস্থায় স্বামী ও ছেলে-মেয়েরাও তাকে ফেলে চলে গেছে। নাবালক ২ পুত্র ১ কন্যাকে নিয়ে বাবার বাড়িতে ঠাঁই নিয়েছেন আয়শা বেগম।

তার বাবা বেঁচে নেই, ভাইয়েরা দিন মজুর। এখন চিকিৎসা করানো তো দুরের কথা, ৩ বেলা ঠিক মতো খাবার জুটছে না হতভাগিনী আয়শা ও তার সন্তানদের। এই অবস্থায় সন্তানদের নিয়ে মানবেতর জীবন যাবন করছেন অসুস্থ আয়শা বেগম।

গৌরনদী উপজেলার চরদিয়াসুর গ্রামের প্রয়াত দিনমজুর আজাহার সরদারের কন্যা আয়শা বেগম। ২০০৩ সালে তার বিয়ে হয়েছিল ঢাকার সোনারগাঁও উপজেলার মাদুরচর গ্রামের আলাউদ্দিন মোল্লার পুত্র মুজাম্মেল মোল্লার সাথে। আয়শার স্বামী মোজাম্মেল পেশায় একজন রিক্সাচালক। তিনি শ্বশুরবাড়ী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। সেখানে তাদের গৃহে একেএকে জন্ম নেয় ১পুত্র ও ২ কন্যা। আয়শার বড় ছেলের বয়স ১০ বছর,মেঝ ছেলের বয়স ৮ ও ছোট কন্যা সন্তানের বয়স মাত্র ৩ বছর।

জানা গেছে, ৩ বছর আগে আয়শা লিভার সিরোসিসে আক্রান্ত হন। তার কিডনিতেও সমস্যা দেখা দেয়। এ সময় স্বামী মুজাম্মেল তার সামান্য আয়ে স্ত্রীর চিকিৎসা ও সংসারের খরচ চালাতে ব্যর্থ হন। তাই স্ত্রী ও সন্তানদের ফেলে এক সময় সে (মুজাম্মেল) এলাকা ছেড়ে পালিয়ে যায়। আর খোঁজ খবরও নিচ্ছেন না অসুস্থ স্ত্রী ও অবুঝ সন্তানদের। সেই থেকে পিতৃগৃহে ঠাঁই হয়েছে আয়শা ও তার ৩ সন্তানের।

আয়শার বিধবা মাতা ফজিলা বেগম কান্নাজড়িত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, 'আমি নিতান্ত গরীব মানুষ। আমার পোলারা ক্ষেত- খামারে বদলা দেয়। তাদেরও অভাবের সংসার। মোরা ঠিকমতো ভাতও খাইতে পারি না। আয়শারে ডাক্তার দ্যাহামু ক্যামনে। মাইয়াডার কষ্ট দেখলে ঠিক থাকতে পারি না, নাতিগো মোহের দিকে চাইতে পারি না" বলে তিনি চোখের পানি মুছেন।
 
নিরুপায় হয়ে বিধবা ফজিলা বেগম মেয়ের চিকিৎস্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

আয়শাকে সাহায্য পাঠানোর ঠিকানা - ফজিলা বেগম,স্বামী মৃত-আজাহার সরদার,গ্রাম- চরদিয়াসুর,উপজেলা -গৌরনদী,জেলা-বরিশাল। মোবাইল নম্বর-০১৭১২৫২৭৩১৪।

ইত্তেফাক/নূহু