ঘাটাইলে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন করেছেন তিন যুবক। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার চৌডাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিতার বাড়ি ঘাটাইল উপজেলার চানতারা গ্রামে। এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের মৃত নবাব আলীর মেয়ে নাইচ খানম (২৮)। প্রায় দুই বছর আগে স্বামী মারা যাবার পর তিনি পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান নিয়ে ঘাটাইল পৌর শহরের খরাবর এলাকায় ভাড়া বাসায় থাকতে শুরু করেন। কিছুদিন ধরে উপজেলার চৌডাল গ্রামের সোবহানের ছেলে বাবুল হোসেনের (২৫) সাথে তার মোবাইলে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম হলেও তাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়নি।
মোবাইল ফোনে বাবুল মঙ্গলবার রাতে মেয়েটিকে ঘাটাইল কলেজ মোড়ে এলাকায় আসতে বললে মেয়েটিও আসেন। পরে বাবুল তাকে সিএনজিযোগে উপজেলার চৌডাল এলাকার বন বিভাগের আকাশমনির বাগানে নিয়ে যান। সেখানে বাবুলের পরিকল্পনা মোতাবেক তিন বন্ধু পালক্রমে নারীটিকে পাশবিক নির্যাতন করে বনের মধ্যে ফেলে রেখে যান। পরে মেয়েটি ঐ রাতেই থানায় গিয়ে ঘটনাটি পুলিশে অবগত এবং নিজে বাদী হয়ে ঘাটাইল মামলা করেন।
তার দেয়া তথ্য মতে, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে পুলিশ ঘটনার প্রধান হোতা বাবুল হোসেন (২৫) এবং তার বন্ধু চৌডাল গ্রামের ছাদের আলীর ছেলে ইদ্রিছ আলীকে (৪০) গ্রেফতার করে। অন্যজন পলাতক রয়েছেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহি উদ্দিন পিপিএম জানান, ধর্ষিতাকে আজ বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতার ও মামলার তদন্ত কাজ চলছে।
ইত্তেফাক/আরকেজি