মনোহরদীতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মানদারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে মানদারটেক গ্রামের ফাইজ উদ্দিনের ঘরের দরজা ভেঙে ১০-১২জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্তা ফাইজ উদ্দিন ও তার ছেলে সোহরাবকে পিটিয়ে আহত করে।
তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে এক ডাকাত ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়। তবে পুলিশ তার নাম পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/আরকেজি