কুড়িগ্রামে চাল চাওয়ায় হামলা: ৭২ বস্তা চাল ও অস্ত্র উদ্ধার

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ৭২ বস্তা সরকারি চাল ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এরআগে বৃহস্পতিবার ১০ টাকা কেজির চাল চাওয়ায়  কার্ডধারীদের ওপর হামলা করা হয়।
 
জানা যায়, রৌমারী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার ভোরে কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়া গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের  নওফেলের ছেলে দুলালের (৩০) রান্না ঘর থেকে একটি শাটারগান, গুলিরখোসা এবং  কোদালকাটি গ্রামের সানাউল্লাহ ছেলের আব্দুল্লাহের (৫০) বাড়ি থেকে ৭২ বস্তা সরকারি চাল উদ্ধার করে পুলিশ।
 
উল্লেখ্য, সরকারের বরাদ্দকৃত (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজি চাল না পাওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন সুবিধাভোগীরা।
 
মিছিলটি কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান নিলে ডিলার তোতা প্রামানিক ও তার ভাড়াটিয়া লোকজন বিক্ষোভ মিছিলে অতর্কিত ভাবে গুলি ও হামলা চালায়। এতে ২জন গুলিবিদ্ধ, ইউপি চেয়ারম্যানসহ শতাধিক ব্যক্তি আহত হন।
 
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, অভিযান চলছে।
 
ইত্তেফাক/আরকেজি