নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ

নোয়াখালী জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশে এবং বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় নোয়াখালী জেলা প্রশাসন উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার ও পুলিশ সুপার ইলিয়াছ শরিফ বিপিএম-পিপিএম-সেবার  নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এই সময় জেলা প্রশাসনের সাথে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট মঙ্গল শোভাযাত্রাটি বের করে। 
 
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পান্তা উৎসব ও মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়াও  জেলা যুব রেডক্রিসেন্ট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন জেলা শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
 
পরে দুপুর ১২টায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারের বিজয় মঞ্চ প্রাঙ্গণে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমলেন্দু মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ মাহে আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও জেলা মুক্তিযাদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন। বর্ষবরণ ও বৈশাখী মেলায় আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে দিনভর জেলা শহরের কোর্ট বিল্ডিং দিঘির পাড়ে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।
 
অন্য দিকে নোয়াখালী বিজ্ঞা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ভিসি  প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে  ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। একই সাথে দিনভর চিত্র প্রদর্শনী, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
 
ইত্তেফাক/এমআই