ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখরতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন করা হয়। ব্রুনাই দারুসসালামে নিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
বর্ণিল পোশাকে সজ্জিত শিশু-কিশোরদের উচ্ছ্বাসে সমগ্র এলাকা উৎসবের আমেজে মেতে ওঠে। মেলায় বিভিন্ন স্টলে নানা ঐতিহ্যবাহী পিঠা, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, কুটির শিল্প সামগ্রী, দেশী বস্ত্র স্থান পায়। ‘এসো হে বৈশাখ’ চিরকালীন এ গানের সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্রুনাই এ অবস্থানরত প্রবাসী শিল্পীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে হাইকমিশনার মাহমুদ হোসেন তার বক্তব্যে বলেন, ‘নববর্ষ বাঙালির সার্বজনীন প্রাণের উৎসব। বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ বর্ষবরণ। এ দিনে আমরা পুরাতন, জীর্ণতা আর ক্লেদ সরিয়ে সম্মুখ যাত্রার শুভ উদ্বোধন করি। সঙ্গীত-নৃত্য-কবিতা আর মঙ্গলালোকের উচ্ছ্বাসের ভেতর দিয়ে সামনে এগিয়ে যাবার শপথ নেই আমরা।’ নতুন বছরে সরকার ও দেশের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
ইত্তেফাক/সেতু