জেলার কালিয়ায় অাওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংর্ঘষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গায় গরুর হাট ইজারা নিয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
জানা যায়, পহরডাঙ্গা এলাকায় বাংলা নতুন বছরে (১৪২৫ বঙ্গাব্দ) গরুর হাট ইজারা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাফিজুর শেখ ও ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম সিকদার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার বাংলা নববর্ষের প্রথম হাট বসলে হাফিজুর শেখের লোকজন দুপুরে সেখানে যাওয়ার চেষ্টা করলে সেলিম সিকদারের লোকজন বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের মধ্যে সংর্ঘষ বেঁধে যায়। এতে হাফিজুরের পক্ষের ১৫জন নেতাকর্মী অাহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মফিজুর রহমান শেখ, তার বড় ভাই হাফিজুর শেখ, সাংবাদিক হাসিবুর রহমানের তিনটি বাড়িঘরসহ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত শেখের বাড়ি, আকাশ সিকদার এবং নিয়ামত সিকদারের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়সহ ও তিনটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ নেতা হাফিজুর শেখ বলেন, দুপুরে গরুর হাটে ঢুকতে গেলে সেলিম সিকদারের নেতৃত্বে তার লোকজন ধারালো অস্ত্রসহ ঢাল সকড়ি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ১৫জন আহত হয়েছেন। পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম সিকদার বলেন, হাফিজুর শেখের লোকজন গরুর হাট দখলের চেষ্টা চালায়। আমাদের উপর হামলা করে।
নড়াগাতি থানার এসআই নজরুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি