রংপুরের মিঠাপকুরে মহাসড়ক ছেড়ে বাড়িতে ঢুকে পড়লো একটি প্রাইভেটকার। আর এতে যুবলীগের এক নেতাসহ দু'জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলা সদরের বড়াইপুর গ্রামের ইউনুছ হাজীর ছেলে মোস্তাফিজার রহমান ফিজার (৪৫)। তিনি দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এবং মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে আলেপ উদ্দিন (৬৫)। তিনি ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশ প্রহরী।
মিঠাপুকুর থানার এসআই আশিষ কুমার জানান, নিহত মোস্তাফিজার রহমান মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী-সন্তান নিয়ে প্রাইভেটকার চালিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথে ফকিরহাট এলাকায় তিনি প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে গাড়িটি সড়কের পাশে বসে থাকা আলেপ উদ্দিনকে পিষ্ট করে মুক্তিযোদ্ধা আবদুর জব্বারের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যান। এসময় দুর্ঘটনা কবলিত গাড়িটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/এসএস