কোটা বহালের দাবিতে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড। সোমবার দুপুরে নগরীর কান্দিরপাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে ওই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান সাজু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মকবুল হোসেন ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাসুম হামিদ প্রমুখ।
 
বক্তারা বলেন, স্বাধীনতার মর্মস্পর্শী আত্মত্যাগের সাথে কোটার নিবিড় সম্পর্ক রয়েছে। রাষ্ট্র এবং সরকারকে অস্থিতিশীল করতে জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধীরা কোটাপ্রথা বাতিলের জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। কোটা বিরোধীদের এসব চক্রান্ত রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিহত করতে হবে এবং চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে। এর আগে নগরীতে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ মিছিল বের করেন। এছাড়া একই দাবিতে জেলার ১৭টি উপজেলায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৃথক মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  
 
ইত্তেফাক/এমআই