ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মান্নান শিকদার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ১০ পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে ও গতকাল রবিবার সকালে পাল্টা-পাল্টি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার স্থানীয় চেয়ারম্যান বিল্লালের সমর্থক ও আজ সোমবার ভোরে তিতাশের সমর্থকরা ওই হামলা ও দোকান-পাট ভাঙচুর করে লুটপাট চালায়। সংঘর্ষ ফেরাতে পুলিশ বাঁধা দিলে ইটের আঘাতে সদরপুর থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদারসহ ১০ পুলিশ ও উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের রাবার বুলেট ও শর্ট গানের গুলিতে আরও ৬ জন আহত হয়েছেন।
আরও জানা যায়, পুলিশের বুলেটে আহত ইমন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কৃষ্ণপুর বাজার ও তার ১ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় পুনরায় সংঘর্ষ বাধার সম্ভাবনা রয়েছে।
সদরপুর থানার ওসি তদন্ত সুব্রত গোলদার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস