দুই জেলা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার রাতে রাজশাহী থেকে রনি সরকার এবং সোমবার গাজীপুর থেকে মো. মিলন মিয়াকে (১৯) আটক করা হয়।
রাজশাহীর চারঘাট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারের মাধ্যমে চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণ করে টাকা আদায়ের অভিযোগে রনি সরকার (২০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। রনি উপজেলার রাউথা গ্রামের কালাম সরকারের ছেলে। রবিবার রাত পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়। সে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য বলে র্যাব জানিয়েছে।
এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর কলেজ গেট হোসেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-১। আটক মো. মিলন মিয়া (১৯) শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার আব্দুল মজিদের ছেলে।
র্যাব-১ এর উপপরিচালক মো. কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা টঙ্গী থানাধীন কলেজ গেট এলাকা হতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় ওই সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করে র্যাব।
ইত্তেফাক/আরকেজি