গাজীপুর সিটি নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণেচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইকালে শেষদিন সোমবার ৫৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৮ থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।
 
এছাড়া একই দিন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ১০ থেকে ১৯নং ওয়ার্ড পর্যন্ত মোট ১০টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনের রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন ওয়ার্ডের ১১জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১জন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
 
জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করেন। এর আগে রবিবার মেয়র পদে ১০জনের মধ্যে ৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এদিন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়।
 
রবিবার কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাইকালে সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ২জন এবং সাধারণ ওয়ার্ডে ৮জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলকৃত এসব ওয়ার্ডের প্রার্থীরা জানান, তারা প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশন বরাবর আপিল করবেন। গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ৯জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮০জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
 
ইত্তেফাক/আরকেজি