সিরাজগঞ্জে গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় সীমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সীমা খাতুন ওই মহল্লার খবির উদ্দিনের মেয়ে।
 
স্থানীয়রা জানান, ৭/৮ বছর আগে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী গ্রামের জলিম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে সীমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
 
পহেলা বৈশাখ উপলক্ষে সীমাসহ তার আরও দু মেয়ে ও জামাইদের দাওয়াত করে বাসায় নিয়ে আসেন খবির উদ্দিন। রবিবার দু মেয়ে-জামাই চলে গেলেও সীমা তার স্বামীসহ থেকে যায়। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকায় স্বামী রাজ্জাক তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যান।
 
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/আরকেজি