রাস্তা কেটে কলাগাছ রোপণের ঘটনাকে কেন্দ্র করে গৌরনদীতে দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বন্দরে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহতদের ২জনকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার উত্তর সাকোকাঠী গ্রামে শত বছরের পুরানো একটি মাটির রাস্তা আছে। শনিবার রাতের আঁধারে স্থানীয় চেয়ারম্যানের ভাই সাহাবুদ্দিন মোল্লা ও জুয়েল মৃধার সহযোগিতায় রাস্তাটি কেটে কলাগাছ লাগিয়ে দেয় ওই গ্রামের মজিদ মোল্লার পুত্র প্রভাবশালী পান্না মোল্লা ও তার সহদর মান্না মোল্লা।
এ ঘটনায় সোমবার সকালে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার জের ধরে রোববার রাত ৮টার দিকে শরিকল বন্দরের চাল ব্যবসায়ী নাশির মোল্লা গ্রুপ ও মান্না মোল্লা গ্রুপের খোকন মৃধা ও তার সহযোগীদের সাথে শরিকল বাজারে বসে সংঘর্ষ বাধে। এ সময় নাসির মোল্লা (৪৫) তার পুত্র নিক্সন মোল্লা (২০),ভাইরপো জুয়েল মোল্লা (২৮),শান্ত মোল্লা (১৭) ও হোন্ডা চালক সুজন (২৫) আহত হয়। এছাড়া প্রতিপক্ষ গ্রুপের খোকন মৃধা (৪০) ও সুমন মৃধা (২৫) সহ উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়।
আহত নাসির মোল্লা ও তার পুত্র নিক্সন মোল্লাকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ও অন্যন্যদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় প্রতিপক্ষের লোকজন নাসির মোল্লার দোকান ভাংচুর, লুটপাট করে এবং সুজনের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/নূহু