দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভা আয়োজিত বৈশাখী মেলা দেখে বাড়ি ফেরা হলো না স্নাতক (পাস) শেষ বর্ষের ছাত্রী ফাতেমা বেগমের (১৯)। গতকাল সোমবার বৈশাখী মেলা শেষে সন্ধ্যা সাতটায় বন্ধুর মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফুলবাড়ি-বিরামপুর সড়কের ফুলবাড়ি উপজেলার ঢাকা মোড় সংলগ্ন দুলাল মার্কেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় সে।
নিহত ফাতেমা বেগম উপজেলার দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের আবুল কাসেমের মেয়ে এবং ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) শ্রেণির শেষ বর্ষের ছাত্রী ছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, ফুলবাড়ি থেকে বিরামপুর গামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-২৪৫২) ট্রাকের পিছনে মোটরসাইকেলে ফাতেমা বেগম তার বন্ধুর সাথে যাওয়ার পথে আকস্মিকভাবে মোটরসাইকেলটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাকটি সড়কের ডান পার্শ্বে চাপিয়ে দেয়।
এতে ট্রাকের ধাক্কায় বন্ধুটি মোটরসাইকেল নিয়ে সড়কের ডানপার্শ্বে পড়ে সামান্য আঘাতপ্রাপ্ত হলেও আরোহী ফাতেমা বেগম ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক ও মোটরসাইলেক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ নিহতের মরদেহসহ ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত ফাতেমা বেগমের ভাতিজা মাহামুদ রেজা মুন্না বলেন, ফুফু ফাতেমা বেগম তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এবং বৈশাখী মেলা দেখার কথা বলে সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় খবর পাওয়া যায় ফুফু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তবে তার বন্ধুটির নাম, ঠিকানা ও পরিচয় কিছুই জানে না ফাতেমার পরিবারের লোকজন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, দুর্ঘটনার পর মরদেহসহ ট্রাক ও মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। ট্রাক চালকের পাশাপাশি মোটরসাইকেল চালক ফাতেমার বন্ধুটিও পালিয়ে আত্মগোপন করেছে। তবে এখন পর্যন্ত নিহত ছাত্রীর পরিবার থেকে কেউ কোন অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ইত্তেফাক/কেআই