কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 
কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রফতানিমুখী গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য রুবায়েত হোসেন বাবুল (৩৫) নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর পল্লী বিদ্যুত্ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
 
নিহত ডাকাত বাবুল নরসিংদী জেলার সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের ঈমান আলীর ছেলে। অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী রফতানিমুখী গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চালক শাহআলম (২৫) ও তার সহকারী আনোয়ার হোসেনকে (২২) হাত-পা বেঁধে মুন্সীগঞ্জ এলাকার ভবেরচর থানাধীন রাস্তার পাশে ফেলে রেখে কাভার্ডভ্যানটি নিয়ে ঢাকা অভিমুখে চলে যায়।
 
এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করার পর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযানে নামে। গত সোমবার মধ্য রাতে ঢাকা থেকে মালামাল লুটে নেয়ায় জড়িত ডাকাত দলের সদস্যদের মধ্যে লাভলু ও বাবুল হোসেনকে আটকসহ লুটে নেয়া মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই কাজে ব্যববহূত প্রাইভেটকার উদ্ধার ও অপর ডাকাতদের আটক করতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে থানা ও ডিবি পুলিশ অভিযান শুরু করে।
 
অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম জানান, ‘মঙ্গলবার দিবাগত মধ্য রাতে দাউদকান্দির রায়পুর পল্লী বিদ্যুত্ অফিসের পাশে ডাকাত বাবুলের অন্যান্য সহযোগিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালিয়ে ডাকাত বাবুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে ৩৭ রাউন্ড শট গানের পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বাবুল আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর বুধবার ভোর রাতে তার মৃত্যু হয়।’
 
দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, ডাকাতদের গুলিতে দাউদকান্দি থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকাজে ব্যবহূত একটি প্রাইভেটকার, এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান ও কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
 

ইত্তেফাক/এএম