রাজশাহীর বাগমারায় বিল দখলকে কেন্দ্র করে আনিসুর রহমান মৃধা (৬৫) নামে এক ব্যক্তিকে হাঁটের মধ্যে প্রক্যাশে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতের বাড়ির পার্শ্ববর্তী বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিহতের দুই ছেলে জাহিদ হোসেন (৩০) ও খাজা মইনুদ্দিন (২৫) এবং প্রতিবেশী আবুল কালাম আজাদ (৩৫) আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং অপর দুইজনকে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবুল কালাম আজাদের অবস্থা গুরুত্বর বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল হাটমাধনগর বাজারে গিয়ে বৃদ্ধ আনিসুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ হোসেন (৬২) ও জসিম উদ্দিনকে (৬০) নামে দুজনকে আটক করে পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের এবং পুলিশ সুপার শহিদুল্লাহ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এছাড়া ঘটনাস্থলে রয়েছে র্যাবের টহল দলও। চরম উত্তেজনাপূর্ণ এলাকায় র্যাব ও পুলিশ আনিসুরের খুনিদের ধরতে আশেপাশের গ্রামগুলোতে ব্লকরেইড শুরু করেছে।
জানা গেছে, মাদনগর গ্রামের বাসিন্দা আনিসুর পার্শ্ববর্তী প্রায় ২২ হাজার বিঘা আয়তনের জোকা বিল মৎস্যজীবী সমবায় সমিতির প্রথমে কোষাধ্যক্ষ ও পরে সভাপতি হন। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। অন্যদিকে হামলাকারীরাও স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
এলাকাবাসীরা জানান, স্থানীয়দের সমন্বয়ে গঠিত মৎস্যজীবী সমিতির নামে লিজ নিয়ে আনিসুর রহমানসহ মাদনগর এলাকার বাসিন্দারা বিলটিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতি বছর বিলটিতে কোটি টাকার অধিক মাছ উৎপাদন হয়। প্রথম দিকে ওই সমিতির সদস্য সংখ্যা ছিল প্রায় ৯ শত। অভিযোগ রয়েছে, নিহত আনিসুর রহমান যোগসাজস করে বর্তমানে ওই সমিতির সদস্য সংখ্যা ১৫০ এ নামিয়ে এনেছেন। এ জন্য তিনি প্রশাসনসহ বিভিন্ন পক্ষকে ম্যানেজ করতে কোটি টাকার তহবিলও গড়েছিলেন। এসব নিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করছিল। তারা আনিসুরের কবল থেকে সমিতি এবং বিলটি দখলমুক্ত করার চেষ্টা করছিল। এনিয়ে বেশ কিছুদিন ধরে উভয়পক্ষের মধ্যে মারপিট ও পাল্টা মারপিটসহ প্রতিপক্ষের ঘর-বাড়িতে হামলা এবং ভাচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার জেরধরেই আনিসুরকে কুপিয়ে হত্যা করে তার প্রতিপক্ষের লোকজন।
বাগমারা থানার ওসি নাছিম আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেআই