নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার: এমপি মনির

যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নারীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। নারীরা এখন আর অবহেলিত নয়, তারা এখন সমাজ বির্নিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
বুধবার সকালে ২০১৬-১৭ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ঝিকরগাছা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেছেন, নারীর অংশগ্রহণে দেশের উন্নতি এবং অগ্রগতি হচ্ছে। শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রেখেছেন যা সারাবিশ্বে সমাদৃত।
 
ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের মুক্তমঞ্চে যশোর জেলা প্রশাসক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ।
 
উল্লে­খ্য, অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নে ১০টি করে মোট ১১০টি সাইকেল বিতরণ করা হয়। যার মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা। পরে, একই মঞ্চে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফসি আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি