প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং মুক্তিযুদ্ধের শহীদদের রূহের মাগফেরাত এবং দেশের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা পর্বে অতিথিরা মুজিবনগর দিবসের প্রেক্ষাপট গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন । বক্তারা সঠিক ইতিহাস জানা এবং সে ইতিহাসকে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। মুজিবনগর সরকার হল বাংলাদেশের প্রথম সরকার যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও পাকিস্তানি হানাদার বাহিনীর বাংলাদেশের নিরীহ ও নিরস্ত্র জনগোষ্ঠীর উপর পরিচালিত নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ ও বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরো স্মরণ করেন বঙ্গবন্ধুর অনুসারী জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের কথা । তিনি বলেন, বাংলাদেশের মুক্তি-সংগ্রামের প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। স্বাধীনতার ঘোষণাপত্রে সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে আর্থসামাজিক উন্নয়ন তারই সফল প্রতিফলন।
ইত্তেফাক/ইউবি