মেহেরপুরে একটি মানব পাচার মামলায় মোশারফ হোসেন নামের এক ব্যাক্তির ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ শাহীন রেজা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দেওয়া হয়েছে। দণ্ডিত মোশারফ গাংনী তেরাইল গ্রামের সাদেকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার বাওট গ্রামের জমির উদ্দীনের স্ত্রী শাহানারা খাতুন তার ছেলেকে কাতারে পাঠানোর জন্য মোশারফের সাথে ২ লাখ ৫০ হাজার টাকার চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে ১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আসামি বিদেশ পাঠাতে ব্যর্থ হয় এবং টাকা ফেরত না দিয়ে নানারকম টালবাহানা করতে থাকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শাহানারা খাতুন মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দায়ের করেন। মামলায় ৪ জন স্বাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় বাদী পক্ষে নাজমুল হুদা এবং আসামি পক্ষে খন্দকার আ : মতিন আইনজীবীর দ্বায়িত্ব পালন করেন।
ইত্তেফাক/নূহু