বেতাগীতে ব্রিজ বেহাল দুর্ঘটনার আশঙ্কা

বেতাগী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের আকনবাড়ি আয়রন ব্রিজটি এখন বেহাল হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
 
জানা গেছে, সদর ইউনিয়নের ভোলানাথপুর বাজার সংলগ্ন লক্ষ্মীপুরা গ্রামের আকনবাড়ি আয়রন ব্রিজটি বেড়েরধন খালের ওপর ২০০৭ সালে স্থানীয় প্রকৌশল বিভাগ ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করে। এতে বেতাগী ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মানুষের যাতায়াতে সুবিধা হয়।
 
স্থানীয় বাসিন্দা মো. অলি জানান, এ ব্রিজ দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে সদর ইউনিয়ন পরিষদ, বেতাগী পৌরসভা, পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জের শ্রীনগর, চৈতা এবং মহিষকাটা এলাকায় যাতায়াত করে। এছাড়া সহস্রাধিক মোটরসাইকেল, মাহেন্দ্র, প্রাইভেটকার, ব্যাটারিচালিত অটোরিক্সা, ট্রাক ও ভারি যানবাহন চলাচল করে। এতে দিন দিন ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ব্রিজের মধ্যভাগের লোহার কাঠামোর মেইন পোস্ট হেলে গিয়ে টপ স্লাব দেবে গেছে। নড়বড়ে ব্রিজ দিয়ে পারাপার নিয়ে দুই উপজেলার মানুষ হুমকিতে রয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার প্রয়োজন, তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেতাগী উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, দ্রুত ব্রিজটি নির্মাণে প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।