লাটেঙ্গা মাঠে ঘোড়দৌড়

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নববর্ষ উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে লাটেঙ্গা গ্রামবাসী। গোপালগঞ্জ ও আশপাশের লক্ষাধিক মানুষ এ ঘোড়দৌড় উপভোগ করে।
 
নড়াইল, মাদারীপুর, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও খুলনা থেকে আগত ১০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। বুধবার (১৮ এপ্রিল) বিকেলে ঘোড়দৌড়ের উদ্বোধন করেন সবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
 
উদ্বোধনের পর বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ রাউন্ডে ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে বৃত্তাকারে ৭ রাউন্ডে রেসের ঘোড়াগুলো অন্তত ১১ কিলোমিটার পথ অতিক্রম করে। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
 
ঘোড়ার মালিক মাদারীপুরের টেকেরহাটের মুজিবুর রহমান বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে সারা বছর সুন্দর ভাবে পরিচর্যা করা হয়। খাওয়ানে হয় বিশেষ খাবার। শেখানে হয় দৌড়ের কৌশল।
 
বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, নববর্ষ উপলক্ষে ২০ বছর ধরে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে আসছি। ঘোড়দৌড় প্রতিযোগিতা জেলার বড় উৎসবে পরিনত হয়েছে। বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্য ধারণ করতেই আমাদের এ আয়োজন।
 
ইত্তেফাক/আরকেজি