কুষ্টিয়া থেকে অপহৃত তিন বছরের শিশু সুমাইয়াকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগির ব্রিজের কাছে একটি মাইক্রোবাস থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে তিন যুবককে। তারা হলেন- আজাদ, সিরাজ ও রুবেল। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, বুধবার দিনগত রাত দুইটার দিকে জাগির ব্রিজের কাছে কর্তব্যরত পুলিশ ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে।
এসময় মাইক্রোবাসে ড্রাইভার ছাড়াও তিন যুবক ও একটি শিশু ছিল। জিজ্ঞাসাবাদে যুবকরা সদুত্তর দিতে না পারলে তাদের থানায় আনা হয়। পরে আরও জিজ্ঞাসাবাদে যুবকরা অপহরণের কথা স্বীকার করে। কুষ্টিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অপহরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বুধবার সকালের দিকে কুষ্টিয়া থেকে সুমাইয়া নিখোঁজ হয়।
এ ব্যাপারে কুষ্টিয়ার সদর থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। কুষ্টিয়া সদর থানা পুলিশ ও পরিবারের লোকজন মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা মানিকগঞ্জ আসার পরই মূল বিষয়টি জানা যাবে। আটক তিন যুবককে কুষ্টিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/কেকে