কানাইঘাটে ডাকাতের গুলিতে নিহত ১

সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ আগফৌদ গ্রামে ডাকাতের গুলিতে ইবজাল উদ্দিন (৪৫) নামের এক গৃহকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ইবজাল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
 
কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, রাতে ১৪-১৫ জনের একদল ডাকাত ইবজাল উদ্দিনের বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করতে থাকে। এ সময় নিহতের বাবার চিৎকার শুনে পাশের ঘরে থাকা ইবজাল ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা ইবজালকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতের গুলিতে নিহতের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ডাকাতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। দুপুরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/কেকে