‘এসো মাতি বাঙালির প্রাণের উৎসবে’ স্লোগানে নিউইয়র্কে বাংলাদেশ ক্লাব ইউএসএ’র উদযাপন করেছে বাংলা নববর্ষ। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে হাজির ছিলেন প্রবাসের সকল শ্রেণিপেশার মানুষ। বর্ষবরণের অনুষ্ঠানে ছিল গান, নৃত্য, কবিতা, জাদু প্রদর্শনী ও পান্তা ইলিশ আপ্যায়ন।
সংস্কৃতিকর্মী শিবলী সাদিক ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ হায়দারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাব ইউএসএ’র সভাপতি নূরুল আমিন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতাউর রহমান ভূইয়া মানিক। তিনি বলেন, বাঙালির নববর্ষ আজ আন্তর্জাতিক রূপ পাচ্ছে। বিশ্বের যেখানেই বাঙালি সেখানেই প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপিত হয়। আগামী প্রজন্ম ও বিশ্ববাসীর কাতারে আমাদের নববর্ষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরতে হবে।
মঞ্চ ও টিভি অভিনেত্রী শিরীন বকুল অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্যে বলেন, পয়লা বৈশাখে প্রবাসে এসেও এখন মনে হয় বাংলাদেশেই আছি। আর জ্যাকসন হাইটস মানেই একখণ্ড বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে নূরুল আমিন বাবু বলেন, বর্ষবরণ ঘিরে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে। এ দিনেই স্মরণ হয়, সবার পরিচয় একটিই- আমরা সবাই বাঙালি। তিনি বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূইয়া, আবুল ফজল দিদারুল ইসলাম, দেবাশীষ বাবলু, রাশেদ আহমেদ, জাকারিয়া চৌধুরী, বিপ্লব সাহা, গিয়াস মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব, লীনা, সেলিম ইব্রাহীম, সবিতা দাস, মৌ প্রমুখ।
ইত্তেফাক/এসএস