পাবনার চাটমোহর ও আটঘরিয়া পৌরসভা কর্তৃক টোল আদায়ের প্রতিবাদে পাবনা-চাটমোহর রুটে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ধর্মঘট শুরু করেছে সিএনজি মালিক-শ্রমিক সমিতি। গতকাল বৃহস্পতিবার থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
ধর্মঘটে পাবনা থেকে চাটমোহর, আটঘরিয়া, ভাঙ্গুড়া, ফরিদপুর রুটের সকল সিএনজি চালিত টেম্পু-অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সিএনজি মালিকরা জানান, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়ায় কোন সিএনজি স্ট্যান্ড নেই। ফলে সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করা হয়। কোন প্রকার সুবিধা না দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ সরকারি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টোল আদায় করছে। গত পহেলা বৈশাখ থেকে ১০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে।
পাবনা জেলা অটোরিকশা/ট্যাক্সি মালিকসমিতির সভাপতি আব্বাস আলী জানান, চাটমোহর ও আটঘরিয়া পৌর কর্তৃপক্ষ অবৈধভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছি।
চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জানান, পৌরসভার আয় বৃদ্ধির জন্যই নিয়মনীতি মেনে টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়ে সরকারের রাজস্ব খাতে টাকা জমা করা হয়। কোন চাঁদাবাজির ঘটনা তার জানা নেই।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এসএস