ফরিদপুরের চরভদ্রাসনে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাল বৈশাখী ঝড় হয়। এতে ঝড়ের তাণ্ডবে সদর ইউনিয়নের দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়ি ও সহস্রাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার সকালে ওই এলাকা ঘুরে দেখা যায় বড়বড় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি উড়িয়ে নিয়ে গেছে অনেকের ঘরের চাল।কেউ কেউ ব্যস্ত রয়েছে ঘরের উপর পরে থাকা গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নীচেই সারছেন রান্নার কাজ। রাস্তার উপর গাছপালা পরে থাকার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন সহ স্বাভাবিক চলাচল। রাত থেকে বিচ্ছিন্ন রয়েছে উপজেলার বিদ্যুৎ সরবরাহ।
সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মৃধা জানান, গত রাতের ঝড়ে দুটি গ্রামে কমবেশি অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যে কামারডাঙ্গী গ্রামের মৃত নিলকমলের পরিবার, অমৃত মণ্ডল, রঞ্জিত মণ্ডল, বিনয় কুমার মণ্ডল, মনির খান, মঞ্জু মোল্যা, ইব্রাহিম মোল্যা, হরিপদ মণ্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা এবং মাথাভাঙ্গা গ্রামের অমল মণ্ডল, সিদ্দিক খান মিজান মোল্যা, শামচু মৃধা, ইউনুস মোল্যা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি সৌচাগার ভেঙে গেছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত নামের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা প্রদান করা হবে।
ইত্তেফাক/এসএস