ময়মনসিংহের ফুলপুরে ফোজেল মিয়া (১৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রাম থেকে আজ শুক্রবার সকালে আম গাছে ঝুলানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফোজেল মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিঙয়ের কাজ করতেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, যে আম গাছ থেকে ফোজেলের লাশ উদ্ধার করা হয়েছে সেই গাছটি তার হাতেই লাগানো।
জানা যায়, মাটির সাথে স্পর্শ করা দেহটির পা বাঁকানো অবস্থায় ছিল। তবে এ ঘটনার কোন ক্লু পাওয়া যায়নি। ঘটনাস্থলে যুবকের ব্যবহৃত সেলফোন ও একটি টর্চলাইট মিলেছে। গতকাল বৃহস্পতিবার রাতের যে কোন সময় বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ৬টার দিকে পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়।
ফুলপুর থানার ওসি একেএম মাহবুব আলম ইত্তেফাককে জানান, ঝুলন্ত দেহের লাইলনের রশি লম্বা হয়ে পা মাটিতে লেগে থাকতে পারে। সবকিছু মাথায় রেখে পুলিশ খতিয়ে দেখছে। ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে।
ইত্তেফাক/এসএস