‘নিয়মিত হাটুন, সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন চত্বরের খোলা মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বার্ষিক ঘোল উৎসব।
সিরাজগঞ্জের প্রভাতী সংঘ আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ৭টার সময় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রভাতী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার।
উদ্বোধনের পর বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, এনডিপির নির্বাহী প্ররিচালক মো. আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা আবু সাঈদ, পঞ্চকোষী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাবেক পিপি রেজাউল করিম তালুকদার, হায়দার আলী, ফেরদৈস আলম, তোফাজ্জল হোসেন, ঘাল উৎপাদক সাদেক আলী খান, আব্দুল মালেক প্রমুখ।
আব্দুল আজিজ সরকার জানান, সলপের এই ঘোল ছিল সুসাদু। ভারতবর্ষব্যাপী এর নামডাক ছিল। ১৯২২ সালে সলপে ঘোল উৎপন্ন শুরু হয়। তখন থেকেই এর বিস্তার লাভ করে। এই এলাকায় ট্রেন লাইন থাকায় সলপ থেকে ট্রেনযোগে কলকাতায় ঘোল পাঠানো হত। অনেক নামি দামী লোকজন এসে সলপে এসে ঘোল ক্রয় করে নিয়ে যেতো। কালের প্রভাবে ঘোষ সম্প্রদায় এ দেশ থেকে চলে যাওয়ায় এই শিল্পে কিছুটা ধস নেমেছিল। পরবর্তিতে স্থানীয় সাদেক আলী শুরু করেন ঘোল উৎপাদন। এই শিল্পকে বিশ্ব দরবারে পরিচিতি করতে ২০০৪ সাল থেকে এই সলপে শুরু হয় ঘোল উৎসব।
বাংলা বর্ষের প্রথম শুক্রবারের দিনকে বেছে নেয়া হয় ঘোল উৎসবের দিন হিসেবে। এর পর থেকে প্রতিবছর এই দিনে সিরাজগঞ্জের প্রভাতী সংঘ এই ঘোল উৎসব আয়োজন করে আসছে।
আবু সাঈদ জানান, এই উৎসব উপলক্ষে অনেক পুরাতন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়। এটি যেন মিলন মেলায় পরিনত হয়। এই ঘোল উৎসবের বিস্তার লাভ করার জন্য রেলস্টেশনের পাশে আমার একটি খোলা জায়গা ঘোল উপাদন ও বিক্রয়ের স্থান করার জন্য দেয়া হবে।
ইত্তেফাক/ইউবি