কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডবে তিন শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। মুরাদনগর এবং হোমনা উপজেলায় শুক্রবার দুপুর ও বিকেলে এ ঝড় বয়ে যায়।
মুরাদনগর উপজেলার প্রায় ১৫টি গ্রাম লণ্ডভণ্ড করে দিয়েছে কালবৈশাখী। এতে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়েছে। উপজেলার সাতমোড়া, পায়ব, ভ্লবদী, সয়ফুল্লাকান্দি আলীরচর, ঘোড়াশাল, নবীপুর, গকুলনগর, কুলুবাড়ী, বাখরনগরসহ আরো বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি ও সহস্রাধিক গাছ-পালা বিধ্বস্ত হয়, শুশুন্ডা ও বাখরাবাদ এলাকায় ২টি বিদ্যুৎতের খুঁটি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সাতমোড়া গ্রামেই একটি মসজিদসহ প্রায় অর্ধ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।
IMG0
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বলেন, কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসন, কর্তৃপক্ষ ও স্থানীয়রা কাজ করছে।
এদিকে, হোমনার ওপর দিয়ে দুপুরে ও বিকালে বয়ে যাওয়া কালবৈশাখীতে ১০টি হাঁস মুরগির খামারসহ উপজেলার শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা জানান, ঝড়ে হোমনা পৌরসভার শ্রীমদ্দি, হোমনা সদর, বাগমারা, দুলালপুর, আসাদপুর, ঘারমোড়া ও নিলখী গ্রামের শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।
ইত্তেফাক/আরকেজি