পাবনায় স্কুলের দেয়াল ধসে চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর সদরের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো- দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিন নাহার ও আফসানা এবং শিশু শ্রেণীর ছাত্র আল আমিন ও ইসমাইল হোসেন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা আফরিন নাহার ও ইসমাইল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে শিক্ষার্থীদের উপর।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা স্কুলের সামনে ভাঙা দেয়ালের ইট ফেলে তারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
ইত্তেফাক/এসএস